‘আকাশ বিজয়-২০২৫’: বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় যুগোপযোগী প্রস্তুতির প্রমাণ

‘আকাশ বিজয়-২০২৫’: বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় যুগোপযোগী প্রস্তুতির প্রমাণ

নিজস্ব প্রতিবেদক : May 01, 2025

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ যথারীতি এ বছরও আয়োজন করা হয় এবং এর চূড়ান্ত সমন্বিত মহড়া।

 

বুধবার (৩০ এপ্রিল) বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি চূড়ান্ত মহড়াটি প্রত্যক্ষ করেন এবং মহড়া শেষে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

 

এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান উপদেষ্টাকে তাঁর উপস্থিতির মাধ্যমে বাহিনীর মনোবল বৃদ্ধিতে সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিমান বাহিনীর পক্ষ থেকে একটি সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা মণ্ডলী, সেনা ও নৌবাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘আকাশ বিজয়-২০২৫’ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী তার সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা এবং আন্তঃবাহিনী সমন্বয়ের সক্ষমতা প্রদর্শন করেছে। বিমান বাহিনী সদর দপ্তরের নির্দেশনায় এই মহড়ায় অংশ নেয় বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, ইউএভি, র‌্যাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

 

মহড়াকে সময়োপযোগী এবং ফলপ্রসূ করতে বিমান বাহিনীর সম্পদদ্বয়কে দুটি ভাগে ভাগ করে বিভিন্ন অনুশীলন পরিচালনা করা হয়। এর ফলে বাহিনী তাদের কর্মদক্ষতা, অপারেশনাল প্রস্তুতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মূল্যায়ন করতে সক্ষম হয়েছে।

 

এছাড়াও, এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। এটি আন্তঃবাহিনী সমন্বয়ের উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং সবসময় প্রস্তুত — ‘আকাশ বিজয়-২০২৫’ তারই বাস্তব উদাহরণ।

Share This