বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মায়েদের অদম্য সংগ্রাম, ত্যাগ ও মাতৃত্বকে সম্মান জানাতে আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডিজএবিলিটি প্রফেশনালস (বিএনএডিপি)।
শুক্রবার (১৫ মে) ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে ধানমন্ডির সাতমসজিদ অবস্থিত গ্রীন সিড আর্লি লার্নিং সেন্টার প্রাঙ্গণে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএডিপির প্রেসিডেন্ট ড. মো. মাহবুবুর রহমান। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মায়েদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে তারা সন্তানকে বড় করে তোলার পথে নানা প্রতিবন্ধকতা, সামাজিক চ্যালেঞ্জ এবং জীবনের সংগ্রামের কথা তুলে ধরেন। মায়েদের বাস্তব জীবনের এসব গল্প উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানে বক্তব্য ড. মো. মাহবুবুর রহমান বলেন, “শত বাধা-বিপত্তি আসলেও আমাদের দমে গেলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে। বিশেষ শিশুদের এই মায়েরা একেকজন অপ্রতিরোধ্য যোদ্ধা। সন্তানকে গড়ে তুলতে তাদের যে আত্মত্যাগ, তা সত্যিই অতুলনীয়।”
তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শেষাংশে বিশেষ শিশুর মায়েদের হাতে সম্মাননা স্মারক, উত্তরীয় ও বিশেষ উপহার তুলে দেন অতিথিরা। এসময় মায়েরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য বিএনএডিপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।