বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি) ২০২৬ এর সফল সমাপ্তি হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর কনফারেন্স রুমে দুই দিনব্যাপী (২৬-২৭ জানুয়ারি) এ টকস অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকটি গত ৮-১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি) এর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়।
এ বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় ২২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন, যার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হক।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশগ্রহণকারী চার সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) নিরাপত্তা সহযোগিতা বিভাগের মেজর মাইকেল জেকব ওসটার।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর।