২য় সিএএস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

২য় সিএএস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : September 09, 2026

কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে ‘২য় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

 

পুরস্কার বিতরণ শেষে উপস্থিতদের উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

 

টুর্নামেন্টের প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন আকবর হোসেন। অন্যদিকে, অ্যামেচার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. শরিফ হোসেন।

 

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share This