জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) একটি প্রতিনিধি দল।
রোববার (১২ জুলাই) চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ইপিডির প্রতিনিধি দলে ছিলেন ইপিডির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান এবং প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উইবাওয়া।
সাক্ষাৎকালে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জাতীয় সংসদকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, গণতন্ত্র একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। গণতন্ত্রের ভিত্তি যত সুদৃঢ় হবে, জনগণের অধিকার তত বেশি প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।
তিনি বলেন, জাতীয় সংসদই গণতন্ত্রের প্রাণকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ অধিকাংশ সংসদ সদস্যই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। ফলে সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে সংসদ সদস্যদের সম্যক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
ইপিডির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান বলেন, বাংলাদেশে বর্তমানে একটি ইতিবাচক গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান। সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় সংসদকে আরও কার্যকর করতে ইপিডি প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী। তিনি বর্তমান সংসদকে অধিক কার্যকর ও গতিশীল করতে চিফ হুইপের দৃশ্যমান ভূমিকারও প্রশংসা করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।