আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বণ্টন সম্পন্ন হয়েছে। ধানের শীষ ও দাঁড়িপাল্লাসহ দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য কলস, ঘুড়ি ও মইয়ের মতো প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বুধবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূচ আলী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
ঢাকা-১৩ আসন: ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়াকে আপেল, বিএনপি প্রার্থী ববি হাজ্জাজকে ধানের শীষ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ খালেকুজ্জামানকে মই প্রতীক, গণঅধিকার পরিষদের মিজানুর রহমানকে ট্রাক, খেলাফত মজলিসের মো. মামুনুল হককে রিকশা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিনকে রকেট, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখারকে হারিকেন, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলামকে ঘুড়ি ও স্বতন্ত্র প্রার্থী সোহেল রানাকে কলস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা-১৫ আসন: এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হককে কাস্তে, জনতার দলের খান শোয়েব আমানুল্লাহকে কলম, বাংলাদেশ সুপ্রিম পার্টি মোবারক হোসেনকে একতারা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আশফাকুর রহমানকে মোটরগাড়ি, আমজনতার দলের মো. নীলাদ পারভেজকে প্রজাপতি, জামায়াতের আমির মো. শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা, বিএনপির মো. শফিকুল ইসলাম খানকে ধানের শীষ ও জাপার মো. শামসুল হককে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। যা চলবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।