‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।
সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর প্যারেড গ্রাউন্ডে প্যারেড কমান্ডার ফয়সালুর রহমানের নেতৃত্বে পতাকাবাহী কন্টিনজেন্টসহ চারটি কন্টিনজেন্ট প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন এবং স্টেশন অফিসার, ফায়ারফাইটার, ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হওয়ায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণে নির্বাচিত চৌকশ কর্মকর্তা-কর্মচারীদের পদক প্রদান করা হয়। পাশাপাশি বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকে ভূষিত ২০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বাগত বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসকে আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, দুর্ঘটনা ও দুর্যোগে ফায়ারফাইটাররা সবার আগে মানুষের পাশে দাঁড়ান। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের কারণে মানুষ তাদের দুঃসময়ের বন্ধু হিসেবে দেখে।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে পেশাদারিত্ব, সাহস ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ফায়ার সার্ভিস জনগণের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, “সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া ‘স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত’ এই প্রতিষ্ঠানটি আমাদের গর্বের বাহিনী।”
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠান শেষে মার্চপাস্টের মাধ্যমে প্যারেড সমাপ্ত হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, ভলান্টিয়ার এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে ২০ মে থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে।