ফায়ারিং দক্ষতা সেনাসদস্যদের পেশাগত উৎকর্ষতার অংশ: সেনাপ্রধান

ফায়ারিং দক্ষতা সেনাসদস্যদের পেশাগত উৎকর্ষতার অংশ: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : May 21, 2026

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সেনাপ্রধান বলেন, একজন পেশাদার সেনাসদস্যের জন্য ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু প্রশিক্ষণের অংশ নয়, বরং যুদ্ধ প্রস্তুতি ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান উপাদান। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা সেনাসদস্যদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড। এছাড়া শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন ১৭ পদাতিক ডিভিশনের সৈনিক পিয়াল মন্ডল। দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার হন ১০ পদাতিক ডিভিশনের সৈনিক তানভীর হোসেন এবং শ্রেষ্ঠ মহিলা ফায়ারার নির্বাচিত হন ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক জবা আক্তার।

গত ১৬ মে শুরু হওয়া এই প্রতিযোগিতা সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share This