জমি থেকে রিসোর্ট, নিউইয়র্কে বাড়ি: ডিবি হারুনের সম্পদের শেষ কোথায়?

জমি থেকে রিসোর্ট, নিউইয়র্কে বাড়ি: ডিবি হারুনের সম্পদের শেষ কোথায়?

নিজস্ব প্রতিবেদক : June 17, 2026

জ্ঞাত আয়বহির্ভূত শত শত কোটি টাকার সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, জমি দখল, নির্যাতন ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে আলোচিত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে ঘিরে নতুন নতুন তথ্য উঠে আসছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাঁর বিপুল সম্পদের সন্ধান মিলেছে।

দুদকের তথ্য অনুযায়ী, হারুন, তাঁর স্ত্রী শিরিন আক্তার এবং ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে আদালতের আদেশে প্রায় ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন, দুটি ফ্ল্যাট এবং একাধিক ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে থাকা সম্পদও নজরদারিতে রয়েছে।

অনুসন্ধানে রাজধানীর উত্তরা, বনানী, নয়াপল্টন, গাজীপুর, সাভার, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় হারুনের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। কিশোরগঞ্জের মিঠামইনে প্রায় ৪০ একর জমির ওপর নির্মিত বিলাসবহুল ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ নিয়েও রয়েছে নানা বিতর্ক ও জমি দখলের অভিযোগ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হারুন পলাতক রয়েছেন। বিভিন্ন সূত্রের দাবি, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এদিকে তাঁর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে অন্তত ১৮৫টি মামলা দায়ের হলেও এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি অবস্থান, প্রশাসনের অভ্যন্তরে শক্তিশালী নেটওয়ার্ক এবং বিদেশে অবস্থানের কারণেই এখনো আইনের নাগালের বাইরে রয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। তবে দুদকের চলমান অনুসন্ধানে সামনে আরও বিস্ফোরক তথ্য বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share This