ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারি শুল্ক হিসাবায়ন সংক্রান্ত বিষয়ে প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মধ্যে বিদ্যমান পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে এনবিআর কর্তৃপক্ষ বিষয়টি মনোযোগ সহকারে শোনেন এবং প্রচলিত আইনগত কাঠামোর মধ্যেই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ছাড়াও উপস্থিত ছিলেন এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন ট্যাক্স লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি’র মহাপরিচালক আহসান হাবিব এবং ভ্যাট পলিসি বিভাগের মো. মশিউর রহমান।
আইবিসিএফ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান, আইবিসিএফের অনারারি সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।