২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে আরও বেশি মানুষের যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তিতে বাংলাদেশের জন্য ৫ হাজার কোটা বাড়ানো হয়েছে। এতে আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের জন্য আরও ৫ হাজার হজ কোটা বাড়িয়েছেন। ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর আগে বাংলাদেশের কোটা ছিল ৭৮ হাজার ৫০০।
ধর্মমন্ত্রী বলেন, হজ কোটা নির্ধারণের আলোচনায় সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। তবে এ সীমাবদ্ধতার মধ্যেও অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।
এ প্রসঙ্গে সৌদির মন্ত্রীর প্রতিশ্রুতি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা করার দরকার, আমরা করব।’
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করে দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। একই সঙ্গে হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।