ভারতের মধ্যস্থতায় ইরান-আমিরাতের দ্বিপক্ষীয় আলোচনা

ভারতের মধ্যস্থতায় ইরান-আমিরাতের দ্বিপক্ষীয় আলোচনা

আন্তজার্তিক ডেস্ক : September 14, 2026

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাতের আবহেই ভারতের মধ্যস্থতায় ব্রিকস সম্মেলনের মাঝে আলোচনার টেবিলে বসলেন ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ প্রতিনিধিরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং জবাবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। এর আগে এপ্রিলে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের বৈঠকে অনুপস্থিত ছিল আবুধাবি।

ভারতের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দুই দেশই আঞ্চলিক শান্তি ফেরাতে সর্বোচ্চ ধৈর্যধারণের আহ্বানে সায় দিয়েছে।

তবে এই শান্তির আলোচনার আবহেই দৃশ্যপট আরো জটিল করে তুলেছে ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ। বৃহস্পতিবার কুয়েতের ‘আহমাদ আল-জাবের’ এবং ইউএইর ‘আল মিনহাদ’ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে ব্রিকসের দুই সদস্য ইরান ও সংযুক্ত আরব আমিরাত ভিন্ন অবস্থান নিলেও নয়াদিল্লি সফলভাবে উভয় দেশের সঙ্গেই নিজ কূটনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে চলেছে।

Share This