কাকরাইল-মৎস্য ভবন ও সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান

কাকরাইল-মৎস্য ভবন ও সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : May 21, 2025

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আলটিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো ইশরাক সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ।

মঙ্গলবার ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়।

এছাড়া টানা সপ্তম দিনের মতো ইশরাককে ডিএসসিসির মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আজও সকাল থেকে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আদেশ দুপুরে দেওয়ার কথা রয়েছে।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছেন। মঙ্গলবার কর্মসূচি পালন শেষে বুধাবার সকাল ১০ টা পর্যন্ত ঢাকা অচলের আলটিমেটাম দেন।

Share This