গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৌচাষে গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৌচাষে গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : May 24, 2026

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৌচাষ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

রবিবার বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে “জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা” শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) আয়োজিত এ অনুষ্ঠানে সকাল ১১টায় তিনি যোগ দেন।

প্রতিমন্ত্রী বলেন, মৌচাষ শুধু একটি লাভজনক অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৌমাছির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি মৌচাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, যুব সমাজ ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে মৌভিত্তিক শিল্পের সম্ভাবনা অনেক বেশি।

সরকার এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বগুড়াকে হাব হিসেবে গড়ে তুলে মিল্কভিটা-এর আদলে মৌচাষীদের নিশ্চিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় সমিতি গঠন করা হবে।

Share This