স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরছে কর্মজীবী মানুষ। আগামী সোমবার (২৫ মে) থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগে থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে।
ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ দিগুন বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে।
বিপরীতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৪ লাখ টাকারও বেশি।
এদিকে যানবাহনের চাপ বাড়লেও কোথায় কোন যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার (২২ মে) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ৮৫৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ১০৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেল থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গতকাল পর্যন্তও ১৪টি বুথে টোল আদায় করা হয়েছে। যানবাহনের চাপ সামলাতে আজ থেকে আরও চারটি অতিরিক্ত বুথ চালু করা হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরেফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ছয় শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। আশা করছি, এবারের ঈদযাত্রাও হবে শান্তিপূর্ণ।