ফেনীর ফুলগাজী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ফুলগাজী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর চৌধুরী বাড়ি জামে মসজিদের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি সাদা রঙের পিকআপ ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় থাকা গাড়িটি তল্লাশি করে ২২টি চটের বস্তা উদ্ধার করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে ২১টি বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৬০ পিস ভারতীয় শাড়ি এবং একটি বস্তায় Lidocaine Topical Aerosol BP-এর ৪২০টি স্প্রে পাওয়া যায়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ঘটনাস্থল থেকে নেত্রকোনা-ন ১১-০০৭৪ রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা পিকআপ ভ্যান এবং ফেনী-ল ১২-৬২৩২ রেজিস্ট্রেশন নম্বরের একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দ করা মালামাল ও যানবাহন আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে এবং চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।