ফেনী-চট্টগ্রাম সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ

ফেনী-চট্টগ্রাম সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি : July 12, 2026

ফেনী ও চট্টগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১ কোটি ১ লাখ ৭৯ হাজার ৭৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রবিবার (১২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালিত বিশেষ টহল দল ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একযোগে এ অভিযান চালায়।

 

অভিযান চলাকালে চোরাকারবারীরা ফেলে রেখে পালিয়ে গেলে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস সামগ্রী, চকলেট এবং বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৭৯ হাজার ৭৫ টাকা।

 

বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাই মালামাল প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় কার্যক্রম শেষে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশের অর্থনীতি সুরক্ষায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share This